এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন ইএফটি (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) পদ্ধতিতে দ্রুত পাঠানোর লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) থেকে এক জরুরি নির্দেশনা জারি করা হয়েছে।অধিদফতরের জারি করা চিঠিতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের আগামীকাল ২৪ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে বিল সাবমিট করার কঠোর নির্দেশ দেয়া হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) মাউশির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি এম আব্দুল হান্নানের সই করা চিঠিতে জানানো হয়, ভুল বা উদ্দেশ্যপ্রণোদিত তথ্য দিলে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিওর টাকা ইএফটিতে না পৌঁছালে তার সব দায়ভার প্রতিষ্ঠান প্রধানের ওপরই বর্তাবে।নির্দেশনায় আরও বলা হয়েছে: প্রতিষ্ঠান প্রধানদের ইএমআইএস সিস্টেমে লগ-ইন করে ২৪ ফেব্রুয়ারির মধ্যে ফেব্রুয়ারি মাসের এমপিও বিল অনলাইনে জমা দিতে হবে।প্রতিষ্ঠান প্রধানরা তাদের আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে এমপিও-ইএফটি মডিউলে প্রবেশ করবেন। সেখানে প্রতিটি শিক্ষক-কর্মচারীর জন্য আলাদাভাবে বিধি মোতাবেক প্রাপ্য টাকার হিসাব নির্ধারণ করে বিল সাবমিট করতে হবে। আরও পড়ুন: এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে সুখবরপাশাপাশি সাবমিট করা বিলের কপি ডাউনলোড করে প্রতিষ্ঠান প্রধান ও পরিচালনা পর্ষদের সভাপতির স্বাক্ষরসহ সংরক্ষণ করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো জটিলতায় তা নথি হিসেবে ব্যবহার করা যায়।চিঠিতে উল্লেখ করা হয়েছে, তালিকায় থাকা কোনো শিক্ষক-কর্মচারী মৃত্যুবরণ করলে বা পদত্যাগ করলে সেই মাসের প্রাপ্য বিধি মোতাবেক নির্ধারণ করে বিল সাবমিট করতে হবে। এ ছাড়া সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি বা অন্য কোনো কারণে বেতন কর্তন বা বন্ধের প্রয়োজন হলে তা ‘বিল সাবমিট’ অপশনে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।মাউশি জানিয়েছে, শুধু আইবাস (iBAS++) পদ্ধতিতে যাচাই করা ভ্যালিড তথ্যই বিল সাবমিট অপশনে যুক্ত রয়েছে। যাদের তথ্য এখনও ভুল আছে, সঠিক তথ্য প্রাপ্তি ও যাচাইয়ের পর তাদের নাম পরবর্তী সময়ে যুক্ত করা হবে।সময়মতো ও নির্ভুলভাবে বিল জমা না দিলে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের বেতন ইএফটিতে পাঠানো সম্ভব হবে না বলেও অধিদফতরের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।