গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার কমলাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম নিলু মুন্সি (৫০)। তিনি কমলাপুর গ্রামের আনোয়ার মুন্সির ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আনোয়ার হোসেন মুন্সি গ্রুপ ও নুর ইসলাম গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রথমে আনোয়ার মুন্সির পক্ষের লোকজন হাসপাতাল গেটে নুর ইসলামকে আক্রমণ করেন। এ ঘটনার জেরে নুর ইসলামের লোকজন আনোয়ার মুন্সির বাড়িতে গিয়ে হামলা ও ভাঙচুর চালান। পরে সংঘর্ষে বেধে যায়। সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। প্রথমে আহতদের মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে মারাত্মক আহত নিলু মুন্সি (৫০), স্ত্রী রূপা বেগম (৪০), ভাই মিলন মুন্সি (৫২) ও দুলাল মুন্সিকে (৪০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিলু মুন্সিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনা ও র্যাব সদস্যরা উপস্থিত রয়েছেন। এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এসআর/এএসএম