কন্ডিশনের সাথে মানিয়ে নিতে একটু আগেভাগেই অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সেখানে অবশ্য অতিরিক্ত গরম আবহাওয়ায় নিজেদের মানিয়ে নিতে বেশ বেগ পেতে হচ্ছে আফঈদা-ঋতুপর্ণাদের। তবে আবহাওয়া যাই হোক, প্রস্তুতিতে কোনো কমতি রাখছে না মেয়েরা। প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা পাওয়া আলপি আক্তার জানিয়েছেন, গরমের মধ্যেই আটঘাঁট বেঁধে প্রস্তুতি নিচ্ছেন তারা।আগামী রোববার (১ মার্চ) অস্ট্রেলিয়া ও ফিলিপাইনসের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের নারী এশিয়ান কাপের আসর। তার একদিন পর মঙ্গলবার (৩ মার্চ) শক্তিশালী চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে ঋতুপর্ণাদের অন্য দুই প্রতিপক্ষ উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। ৬ ও ৯ মার্চ এই দুই প্রতিপক্ষের বিপক্ষে খেলবে পিটার বাটলারের শিষ্যরা। আরও পড়ুন: বিশ্বকাপ দলে ফেরার স্বপ্নে হোঁচট খেলেন নেইমার নিজেদের প্রস্তুতি সেরে নিতে সোমবারও (২৩ ফেব্রুয়ারি) ব্যস্ত সময় পার করেছে বাংলাদেশ দল। সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে চতুর্থ দিনের অনুশীলন সেরেছে তারা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো এক ভিডিও বার্তায় আলপি জানিয়েছেন, টিম হোটেল ও অনুশীলনের ভেন্যু কাছাকাছি হওয়ায় প্রস্তুতি নিতে সহজ হচ্ছে। ‘এখানে অনেক গরম। আমাদের বাংলাদেশে এত গরম এখনও পড়ে না। এখানে অতিরিক্ত গরম। পরিবেশের সঙ্গে আপাতত মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমরা এক জায়গায় থাকছি, এখানেই মাঠ, জিম সবকিছু হচ্ছে। তো বাস দিয়ে মাঠে যাওয়া লাগছে না, এটা ভালো লাগছে।’ আরও পড়ুন: ম্যাচ শেষে মেসি কি আসলেই ‘নিষিদ্ধ’ জোনে ঢুকেছিলেন, লিগ কর্তৃপক্ষ যে ব্যাখ্যা দিল ক’দিন আগে শেষ হওয়া বাংলাদেশ ফুটবল লিগে ২৯ গোল করে সর্বোচ্চ গোলদাতা হন আলপি। লিগে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে এশিয়ান কাপে চূড়ান্ত দলে জায়গা পান এই তরুণ ফরোয়ার্ড। প্রথমবারের মতো জাতীয় দলে খেলার হাতছানিতে দারুণ রোমাঞ্চিত তিনি। ‘আলহামদুলিল্লাহ, অনেক দিনের ইচ্ছা ছিল জাতীয় দলের সঙ্গে অনুশীলন করা এবং খেলা। তো সেই ইচ্ছাটা (অনুশীলন) পূরণ হয়েছে। ভালো লাগছে আপুদের সঙ্গে অনুশীলন করতে পেরে। অনেক ভালো প্র্যাকটিস হচ্ছে ওনাদের সঙ্গে।’