রাজধানীতে বিজিবি সদর দফতরের অফিসার কোয়ার্টারের বাথরুম থেকে বিবি হালিমা (১১) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের।সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে বিজিবি সদর দফতরের অফিসার্স কোয়ার্টারের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, চাকরির কারণে তিনি ও তার স্ত্রী দুজনই কর্মস্থলে ব্যস্ত থাকতেন। সে কারণে প্রায় ৫–৬ মাস আগে এক কিশোরীকে বাসায় রাখা হয়, যার একমাত্র দায়িত্ব ছিল তাদের ১১ মাসের শিশুসন্তানকে দেখাশোনা করা। বাসার অন্য কোনো কাজ তার ওপর দেয়া হয়নি বলে তিনি দাবি করেন। প্রতিদিনের মতো ঘটনার দিনও শিশুসন্তানকে ওই কিশোরীর কাছে রেখে স্বামী-স্ত্রী দুজনই কর্মস্থলে চলে যান। দুপুরের দিকে বাসার নিচে শিশুটিকে একা খেলতে দেখে ভবনের লোক তাদের ফ্ল্যাটে ঢুকে গৃহকর্মীকে খুঁজতে শুরু করেন। এ সময় বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান তিনি। খবর পেয়ে শরীফুল ইসলাম ও তার স্ত্রী দ্রুত বাসায় ফিরে আসেন। পরে পুলিশকে জানানো হলে বাথরুমের দরজা ভেঙে গৃহকর্মীর গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।আরও পড়ুন: রাজধানীতে তরুণীসহ ২ জনের মরদেহ উদ্ধার নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মারুফ হাসান জানান, বাথরুমে কাপড় রাখার হ্যাঙ্গারের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল সে। হালিমার বাসা কামরাঙ্গিরচর ভাণ্ডারিয়ার মোড়ে। তার বাবার নাম মৃত শাহ আলম। এসআই মারুফ আরও জানান, কেন সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তার কারণ জানা নেই। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।