দেশের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে এবার: মাসুদ সাঈদী

পিরোজপুর -১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেছেন, আমাদের এবারে যে নির্বাচনটি হয়েছে আমার দেখা মতে, আমার বোঝা মতে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শ্রেষ্ঠ একটি নির্বাচন হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মাসুদ সাঈদী বলেন, বাংলাদেশের নির্বাচন মানেই নানা রকম সন্ত্রাসী কর্মকাণ্ড হয়ে থাকে, আহত হয়, হাজারো মামলা হয়, নানা রকম ঘটনা থাকে মানুষ আতঙ্কিত থাকে। কিন্তু আশ্চর্যভাবে আমরা খেয়াল করেছি এবার একটি ব্যতিক্রমধর্মী ঘটনা সারা দেশে একটি রক্তাক্ত ঘটনা ঘটেনি, কোন সন্ত্রাসী ঘটনা ঘটেনি, কোন মামলা হয়নি। তার জন্য অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন পরিচালনা করেছেন তারা ধন্যবাদ পাওয়ার প্রাপ্য। তিনি বলেন, নির্বাচন কমিশন এবং আপনারা যারা অফিসাররা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন নির্বাচনকে সুষ্ঠু করার জন্য। আপনারা আন্তরিক ছিলেন এবং দায়িত্ব পালন করেছেন ভালোবেসে একটি সুষ্ঠু নির্বাচন করতে চেয়েছিলেন বলেই এটি সুষ্ঠু নির্বাচন হয়েছে। আজকের এই সমাবেশ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সদর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলাম, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। মো. তরিকুল ইসলাম/এনএইচআর/এএসএম