যশোরে ব্যারিস্টার কাজলের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ঢাকা দক্ষিণ যুবদলের যুগ্ম-আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী সোহাগের বিরুদ্ধে যশোরের বাঘারপাড়ায় ঝাড়ু মিছিল হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক টি এস আইয়ুবের অনুসারীরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, যশোর-৪ আসনে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও নূরে আলম সিদ্দিকী সোহাগ বিএনপি নেতা টি এস আইয়ুবের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। কাজল টাকা-পয়সা খেয়ে দুর্নীতি করে ষড়যন্ত্রমূলক মামলার মাধ্যমে টিএস আইয়ুবের মনোনয়ন বাতিল করিয়েছেন। সেই কারণে বাঘারপাড়াবাসী ফুঁসে উঠেছে। মনোনয়ন সঠিক না হওয়ার কারণে বিএনপি আসনটি হারিয়েছে। উপজেলায় দলীয় ঐক্য নষ্ট ও বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চলছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাজল ও সোহাগের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলন করার হুঁশিয়ারিও দেন তারা। নেতাকর্মীরা জানান, বাঘারপাড়া উপজেলা বিএনপি দুটি গ্রুপে বিভক্ত। একটির নেতৃত্ব দেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব এবং অন্যটির নেতৃত্বে রয়েছেন পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা। সম্প্রতি ত্রয়োদশ সংসদ নির্বাচনে আসনটিতে দলীয় মনোনয়ন পান টি এস আইয়ুব। কিন্তু নির্বাচন কমিশন ঋণখেলাপির দায়ে টি এস আইয়ুবের মনোনয়ন বাতিল করলে দল মনোনয়ন পরিবর্তন করে দেন অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজীকে। এ বিষয়ে নূরে আলম সিদ্দিকী সোহাগ বলেন, আমাদের নিয়ে অবমাননাকর মিছিল করিয়েছে টি এস আইয়ুব। টি এস আইয়ুব ঢাকা ব্যাংকের কাছে ঋণখেলাপির তালিকায় থাকায় তার মনোনয়ন বাতিল হয়। সেই মামলায় ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ঢাকা ব্যাংকের হয়ে লড়েছেন। আর আমার ‘অপরাধ’ আমি কাজলের সহকারী আইনজীবী ও আসনটির মনোনয়ন প্রত্যাশী ছিলাম। টিএস আইয়ুবের ইন্ধনে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এ ধরনের কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। মিলন রহমান/আরএইচ/এএসএম