সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলি, বান্দরবানে জেএসএসের এক সশস্ত্র সদস্য নিহত

বান্দরবানে সেনাবাহিনীর সাথে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি পাহাড়ের সশস্ত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সদস্য বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের মুরুং বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয়রা জানায়, রুমা সড়কের রোয়াংছড়ি উপজেলার মুরুং বাজার এলাকায় জেএসএস সদস্যরা গাড়ি আটকে চাঁদা আদায় করছে এমন খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল সেখানে পৌঁছায়। এ সময় অস্ত্রধারী সন্ত্রাসীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। সেনাবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ গোলাগুলি হয়। এতে অস্ত্রধারী দলের এক সদস্যের মৃত্যু হয়।  আরও পড়ুন: ৩০ বছর পর এমপি, সাচিং প্রু জেরীকে রাজর্সিক সংবর্ধনা পরে ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এদিকে, এ ঘটনার পর থেকে ঘটনাস্থলসহ আশপাশের এলাকাগুলোতে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ বলেন, ‘রোয়াংছড়ি উপজেলার মুরুং বাজার এলাকায় সেনাবাহিনীর সাথে জেএসএসের গোলাগুলির ঘটনা ঘটে। এতে জেএসএসের এক সদস্য আহত হন। পরে তাকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।’