পিরোজপুরের মঠবাড়িয়ায় ইভটিজিংয়ে বাধা দেয়ায় একটি বিয়েবাড়িতে হামলা চালিয়ে মো. আলাউদ্দিন (১৮) নামের এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।আহত যুবককে উদ্ধার করে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় বুধবার (১৮ ফেব্রুয়ারি) মঠবাড়িয়া থানায় কবির মোল্লা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, টিকিকাটা ইউনিয়নের বাইশকুড়া এলাকার মিরাজ খানের ছেলে রবিউল খান (২৬)-সহ কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য প্রায়ই ওই এলাকায় মেয়েদের উত্ত্যক্ত করে। গত মঙ্গলবার বিকেলে তারা একটি মেয়েকে উত্ত্যক্ত করলে স্থানীয় রবিউল মোল্লা (২৫) তাদের জিজ্ঞাসাবাদ করেন। এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে তারা এলোপাতাড়ি মারামারি করে সেখান থেকে পালিয়ে যায়। এরপর বিকেল ৫টার দিকে লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে দলবলসহ রবিউল মোল্লার বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে রবিউল খান। এ সময় রবিউল মোল্লার খালাতো ভাই আলাউদ্দিনকে হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে আঘাত করলে তার বাম কানে গুরুতর জখম হয়। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। হামলাকারীরা এ সময় নারীদের কাপড়চোপড় ধরে টানাটানি করে শ্লীলতাহানি ঘটায়। তারা এক নারীর ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনতাই ও নগদ অর্থ লুট করে। আরও পড়ুন: জনস্বার্থবিরোধী কিছু হলেই আমরা প্রতিবাদ করব: মাসুদ সাঈদী পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য আলাউদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি বর্তমানে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত রবিউল খানের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, ‘মারামারির বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টির তদন্ত চলমান রয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’