পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া বাংলাদেশ পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। তড়িঘড়ি করে নেয়া এই সিদ্ধান্তের বদলে বিপুল পরিমাণ অর্থ বাহিনীর আধুনিকায়ন ও লজিস্টিকস সাপোর্ট বৃদ্ধিতে ব্যয়ের আহ্বান জানিয়েছে সংগঠনটি।সোমবার (২৩ ফেব্রুয়ারি) অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ২০০৩-২০০৪ সালে তৎকালীন সরকার একটি কমিটির মাধ্যমে দীর্ঘ যাচাই-বাছাই শেষে পুলিশের বর্তমান পোশাকটি নির্ধারণ করেছিল। সে সময় পুলিশ সদস্যদের গায়ের রং, আবহাওয়া, দিন-রাত্রির ডিউটিতে সহজে চিহ্নিত করার সুবিধা এবং অন্য কোনো বাহিনীর সাথে যেন সাদৃশ্য না থাকে; এসব বিষয় বিবেচনা করা হয়েছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার পুলিশ সদস্যদের মতামত ও জনমত যাচাই-বাছাই ছাড়া যে নতুন পোশাক নির্বাচন করেছে, তা অন্য কয়েকটি সংস্থার ইউনিফর্মের সাথে হুবহু মিলে যায়। এর ফলে মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের আলাদাভাবে চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছে। সার্ভিস অ্যাসোসিয়েশন গভীর উদ্বেগের সাথে জানায়, বাহিনীর বেশিরভাগ সদস্যই তড়িঘড়ি করে নেয়া এই পরিবর্তনের পক্ষে নন। তারা বর্তমান পোশাকটিকে দীর্ঘদিনের ঐতিহ্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রতীক হিসেবে মনে করেন। তাছাড়া, গত ১২ ফেব্রুয়ারি (২০২৬) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই পোশাক পরেই পুলিশ বাহিনীর সদস্যরা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন, যা বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। আরও পড়ুন: পুলিশের কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাক পরিবর্তনকে একটি বিশাল ও ব্যয়বহুল প্রক্রিয়া উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে এটি দেশের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। তাই নতুন পোশাক তৈরির পরিবর্তে এই বিপুল পরিমাণ অর্থ বাহিনীর আধুনিকায়ন, থানা পর্যায়ে যানবাহন সরবরাহ ও লজিস্টিকস সাপোর্ট বৃদ্ধিতে ব্যয় করা অধিক যুক্তিযুক্ত। অ্যাসোসিয়েশন মনে করে, ‘পোশাকের রং বা নকশা নয়, বরং পুলিশ সদস্যদের মনমানসিকতার পরিবর্তন, মনোবল এবং পেশাদারিত্বের উন্নয়ন করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা ও দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করা হয়। সবশেষে, বাহিনীর প্রতিটি সদস্যের আবেগ ও বাস্তবসম্মত দিকগুলো গুরুত্বের সাথে বিবেচনা করে অধিকতর গবেষণা ও জনমতের ভিত্তিতে পোশাক পরিবর্তনের সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।