যশোরের চৌগাছা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত আওয়ামী লীগ সমর্থিত সাবেক কাউন্সিলর শাহিনুর রহমান (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শাহিনুর রহমান চৌগাছা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং উপজেলার কারিগরপাড়া গ্রামের মো. এনায়েত আলীর ছেলে। আরও পড়ুন: শার্শায় ইয়াবাসহ নারী 'মাদক ব্যবসায়ী' আটক স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি চৌগাছা উপজেলার ছুটিপুর বাসস্ট্যান্ড এলাকায় পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তার ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে সাইফুল্লাহ, সুজাউল ও ফারুক হোসেনসহ কয়েকজন তাকে বাঁশের লাঠি ও কাঠ দিয়ে মাথায় আঘাত করেন এবং কিলঘুষি মেরে গুরুতর আহত করেন। পরে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। এ বিষয়ে যশোরের চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, ‘আমরা শাহিনুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’