চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৭ মাসে (জুলাই-জানুয়ারি) রাজস্ব আদায়ে ধাক্কা খেল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় কম হয়েছে প্রায় ৬০ হাজার কোটি টাকার বেশি। তবে বছর ব্যবধানে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১২.৯০ শতাংশ।সোমবার (২৩ ফেব্রুয়ারি) এনবিআরের রাজস্ব আদায়ের হালনাগাদ চিত্রে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারি মাসে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ৮৩ হাজার ৭৫০ কোটি টাকা। এর বিপরীতে আহরণ হয়েছে ২ লাখ ২৩ হাজার ৬৩৮ কোটি টাকা; অর্থাৎ ঘাটতি ৬০ হাজার ১১২ কোটি টাকা। জুলাই-জানুয়ারি সময়ে আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও আয়কর-এই তিন খাতের মধ্যে কোনো খাতেই লক্ষ্য অর্জন হয়নি। সবচেয়ে বেশি ঘাটতি হয়েছে আয়কর খাতে। সাত মাসে ঘাটতি হয়েছে ২৮ হাজার ৯২৫ কোটি টাকা। এই খাতে আদায়ের লক্ষ্য ছিল ১ লাখ ৩ হাজার ৯৮০ কোটি টাকা। এ সময়ে আদায় হয়েছে ৭৫ হাজার ৫৫ কোটি টাকা। আরও পড়ুন: এখনই ভাগ হচ্ছে না এনবিআর! আমদানি খাতে সাত মাসে ৭৮ হাজার ৪৯৬ কোটি টাকার লক্ষ্যের বিপরীতে আদায় হয়েছে ৬২ হাজার ৮১৩ কোটি টাকা। এই খাতে ঘাটতি হয়েছে ১৫ হাজার ৬৮৩ কোটি টাকা। গত জুলাই-জানুয়ারি মাসে ভ্যাট বা মূসক আদায় হয়েছে ৮৫ হাজার ৭৬৯ কোটি টাকা। এ সময়ে এই খাতের লক্ষ্য ছিল ১ লাখ ১ হাজার ২৭৪ কোটি টাকা। এই খাতে ঘাটতি ১৫ হাজার ৫০৫ কোটি টাকা। তবে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১২.৯০ শতাংশ। আগের বছর একই সময়ে (জুলাই-জানুয়ারি) আদায় হয়েছিল ১ লাখ ৯৮ হাজার ৯০ কোটি টাকা। এছাড়া শুধু জানুয়ারি মাস হিসাবেও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। এই মাসে ৫২ হাজার ৫৪৫ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৩৭ হাজার ৩৩ টাকা। ঘাটতি ১৫ হাজার ৫১২ কোটি টাকা। লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও বছর ব্যবধানে প্রবৃদ্ধি হয়েছে ৩.২১ শতাংশ।