গোডাউনে মিললো ৭১ বস্তা ক্ষতিকারক সাল্টু পাউডার, পাঁচ লাখ টাকা জরিমানা

গাইবান্ধায় বেকারি পণ্যে ব্যবহার করা অত্যন্ত ক্ষতিকর ‘সাল্টু পাউডার’ জব্দ করেছে জেলা প্রশাসন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহরের ডিবি রোডে অবস্থিত জামাই স্টোরের গোডাউনে বিশেষ অভিযান চালিয়ে ৭১ বস্তা সাল্টু পাউডার জব্দ করা হয়। গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সাব্বির আহমেদ নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে বিপুল পরিমাণ এই ক্ষতিকারক রাসায়নিকের মজুত পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ওই দোকান থেকে পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পরে উদ্ধারকৃত সব মালামাল জব্দ করে প্রশাসনের হেফাজতে নেওয়া হয়। অভিযান পরিচালনাকারী এনডিসি সাব্বির আহমেদ বলেন, খাদ্যে ভেজাল ও ক্ষতিকারক রাসায়নিক ব্যবহারকারীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। সাধারণ জনগণের স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত করবেন বলে জানান তিনি। আনোয়ার আল শামীম/এফএ/এএসএম