পঞ্চম বছরে গড়ালো ইউক্রেন-রাশিয়া সংঘাত, পুতিন কতটা সফল?

ইউক্রেন এবং রাশিয়ার সংঘাত পঞ্চম বছরে গড়ালো। সংঘাতের চার বছর পূর্তিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এই যুদ্ধে তার ‌‌‘লক্ষ্য’ অর্জনে ব্যর্থ হয়েছেন। খবর আল জাজিরার। ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, জাপোরিঝিয়ায় রাতভর রাশিয়ার হামলার ফলে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন এবং কাউন্সিলের সভাপতি অ্যান্তোনিও কস্তার কিয়েভে সফরের সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে মারাত্মক ও দীর্ঘ এই সংঘাত লড়াই বন্ধ করার জন্য বেশ কয়েকটি প্রচেষ্টার মধ্যে সর্বশেষ চলতি মাসের শুরুতে জেনেভায় শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বব্যাংক ইউক্রেনের পুনর্গঠনের জন্য ব্যয় ৫২৪ বিলিয়ন ডলার থেকে ৫৮৮ বিলিয়ন ডলারে উন্নীত করেছে। চার বছর আগে ইউক্রেনে অতর্কিত হামলা করে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট পুতিন যখন ইউক্রেনে আক্রমণ করেন, তখন তিনি দেশটি দখলে নিতে চেয়েছিলেন। কিন্তু তিনি এটি এবং অন্যান্য যুদ্ধের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছেন বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। রাশিয়ার আক্রমণের চার বছর পূর্তি উপলক্ষে এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ইউক্রেন একটি শক্তিশালী, স্থায়ী শান্তি নিশ্চিত করার জন্য ‘যা কিছু করা সম্ভব’ তা করতে প্রস্তুত। তিনি বলেন, পুতিন তার লক্ষ্য অর্জন করতে পারেননি। তিনি এই যুদ্ধে জয়ী হননি। আমরা ইউক্রেনকে রক্ষা করেছি এবং শান্তি অর্জনের জন্য, ন্যায়বিচার নিশ্চিত করার জন্য আমরা সবকিছু করবো। টিটিএন