ইরানের কেন্দ্রীয় প্রদেশ ইসফাহানে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) একটি সামরিক হেলিকপ্টার ফলের বাজারে বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন।দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, ডরচেহ শহরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় এবং এতে আগুন ধরে যায়। পরে জরুরি সেবাকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, দুর্ঘটনায় পাইলট, কো-পাইলট এবং বাজারে থাকা দুই ফল বিক্রেতা নিহত হন। সংস্থাটি জানিয়েছে, ‘প্রযুক্তিগত ত্রুটি’র কারণে এ দুর্ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে যন্ত্রাংশ সংগ্রহে সমস্যার কথা উল্লেখ করে ইরানি কর্মকর্তারা বহুদিন ধরেই দেশটির পুরনো বিমানবহর রক্ষণাবেক্ষণে চ্যালেঞ্জের কথা বলে আসছেন। আরও পড়ুন: ইরানে হামলা যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ, ট্রাম্পকে সতর্ক করলেন শীর্ষ জেনারেল বিশেষজ্ঞরা বলছেন, ইরানের বিমান নিরাপত্তার রেকর্ড খুবই খারাপ এবং সেখানে বারবার দুর্ঘটনা ঘটে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আগে কেনা বহু বিমান ইরানে এখনও ব্যবহৃত হচ্ছে এবং রক্ষণাবেক্ষণের জন্য মূল খুচরা যন্ত্রাংশের অভাব আছে। গত সপ্তাহে, যুক্তরাষ্ট্রে নির্মিত ইরানি বাহিনীর একটি এফ-৪ ফ্যান্টম টু যুদ্ধবিমান পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হামাদান-এ প্রশিক্ষণ উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হন। সূত্র: জিও নিউজ