মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে আহত ৪, ভাঙচুর

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। এ সময় দোকানপাট ও বসতঘরে লুটপাট ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক বেপারীর সঙ্গে একই এলাকার সাবেক ইউপি সদস্য জসিম মোল্লার সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। সোমবার রাত ৮টার দিকে বর্তমান ইউপি সদস্য ফারুক বেপারীর সমর্থক মিন্টু খাঁর ছেলে মিনহাজকে একা পেয়ে মারধর করে সাবেক ইউপি সদস্য জসিম মোল্লার সমর্থক রেজাউল মোল্লা ও তার ছেলে অপু।এ খবর ছড়িয়ে পড়লে বর্তমান ও সাবেক ইউপি সদস্যদের দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এই ঘটনায় আহত হন চারজন। এ সময় বেশ কয়েকটি বসতঘর ও দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়।আরও পড়ুন: নারায়ণগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত ৪খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ। ফের সংঘর্ষের আশঙ্কায় মঙ্গলবার সকালে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বিলকিস বেগম বলেন, ‘আমি তিন লাখ টাকা ঋণ করে দোকানে মালামাল এনেছিলাম। ভেবেছিলাম ঈদের মৌসুমে বিক্রি করে সংসার চালাবো। কিন্তু মারামারির সময় দোকানপাট লুটপাট করে আগুন ধরিয়ে দেয়া হয়। আমি প্রতিবন্ধী মানুষ, এর বিচার চাই; আর ক্ষতিপূরণও চাই।’মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এই ঘটনায় দোষীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। এলাকায় উত্তেজনা থাকায় বাড়ানো হয়েছে পুলিশি টহল।