দিনাজপুরের বিরামপুরে শয্যাশায়ী শ্বশুরকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার পথে অটোরিকশা থেকে ছিটকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শিবপুর-কেটরা আঞ্চলিক সড়কের ভেলারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম মেহেনাজ পারভীন (৪০)। তিনি শিবপুর এলাকার তোজাম মোল্লার স্ত্রী। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মেহেনাজ পারভীনের শ্বশুর জালাল মোল্লা বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে বাড়িতে শয্যাশায়ী। দুপুরের দিকে উপজেলায় ডাক্তার দেখানোর জন্য অটোরিকশায় করে যাওয়ার সময় ছিটকে রাস্তায় পড়ে যান। একই সময় পেছন দিক থেকে আসা অপর একটি অটোরিকশা তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওসি সাইফুল ইসলাম বলেন, ঘটনা তদন্তের জন্য নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মো. মাহাবুর রহমান/এসআর/এমএস