এলপিজি সিলিন্ডারের দাম কমলো

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এলপিজির উৎপাদন পর্যায়ে মূল্য সংযোজন কর (মুসক) প্রত্যাহারপূর্বক আমদানি পর্যায়ে মুসক আরোপের ফলে ভোক্তা পর্যায়ে সরকারি-বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করা হয়েছে। এতে দাম কমেছে এলপিজি সিলিন্ডারের। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ২ ফেব্রুয়ারি ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৩৫৬ টাকা। তার আগের মাসে (জানুয়ারি ২০২৬) দাম ছিল ১ হাজার ৩০৬ টাকা। ফেব্রুয়ারিতে ১২ কেজিতে দাম বাড়ে ৫০ টাকা। অর্থাৎ ফেব্রুয়ারি মাসে ৫০ টাকা দাম বাড়ানোর পর এবার ১৫ টাকা কমানো হয়েছে। মূল্য সমন্বয়ের পর ১২.৫ কেজির দাম হয়েছে ১৩৯৭ টাকা, ১৫ কেজি ১৬৬৭, ১৬ কেজি ১৭৮৯, ১৮ কেজি ২০১২, ২০ কেজি ২০২৩৬, ২২ কেজি ২৪৫৯, ২৫ কেজি ২৭৯৫, ৩০ কেজি ৩৩৫৪, ৩৩ কেজি ৩৬৮৯, ৩৫ কেজি ৩৯১৩, ৪৫ কেজি ৫০৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। এনএস/এমআইএইচএস/