চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় এমপির গাড়িচালক মনিরও আহত হয়েছেন।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে কুমিল্লা থেকে মিরসরাইয়ে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তাকে বহনকারী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের ওপর উঠে দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে বিকল্প গাড়িতে করে বারইয়ারহাটের কমফোর্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। আরও পড়ুন: চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাসপাতাল সূত্রে জানা গেছে, এমপি নুরুল আমিন মাথায় আঘাত পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী বলেন, ‘প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এমপিকে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে নেয়া হচ্ছে।’ তিনি এমপি নুরুল আমিনের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।