জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি)। এদিন দুপুর ১টায় ফল প্রকাশ করা হবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ফল প্রকাশের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার দুপুর ১টায় শিক্ষা মন্ত্রণালয় ফল প্রকাশ করা হবে। এদিকে, এ বছর মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। এরমধ্যে ট্যালেন্টপুল ও সাধারণ—এ দুই ধরনের বৃত্তির জন্য কোটা নির্ধারণ করা হয়েছে। বোর্ডভিত্তিক আনুপাতিক হারে বৃত্তি বণ্টন করা হবে। পাশাপাশি উপজেলা পর্যায়েও ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তির জন্য নির্দিষ্ট কোটা রাখা হয়েছে। নীতিমালা অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে এ বৃত্তি প্রদান করা হবে। গত বছরের ২৮ ডিসেম্বর সারাদেশে একযোগে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী অংশ নেয়। দেশের ৬১১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার প্রথমদিন বাংলা, ২৯ ডিসেম্বর ইংরেজি এবং ৩০ ডিসেম্বর গণিত বিষয়ের পরীক্ষা নেওয়া হয়। তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে ৩১ ডিসেম্বরের বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়। পরে স্থগিত এ পরীক্ষা এ বছরের ৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এএএইচ/বিএ