শ্রমজীবী মানুষদের জন্য এনসিপির মাসব্যাপী ইফতার আয়োজন

পবিত্র রমজানে শ্রমজীবী মানুষদের জন্য মাসব্যাপী ইফতারের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রথম রমজান থেকেই এই কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ষষ্ঠ রমজানেও চলছে এমন আয়োজন। এনসিপি কার্যালয়ের পাশেই রাজধানীর ইস্কাটন রোডের নেভি গলিতে চলছে এই আয়োজন। মূল আয়োজনের কাজটি করছে এনসিপির শ্রমিক উইং জাতীয় শ্রমিক শক্তি। ইফতার করতে আসা মনির মিয়া বলেন, সারাদিন রিকশা চালাই। বিকেলে এখানে বিশ্রাম করি। ইফতার করে চলে যাই। প্রতিদিনই আসি। ভ্রাম্যমাণ চায়ের দোকানি আলতাফ বলেন, ঘুরে ঘুরে চা বিক্রি করি। এখানে প্রতিদিন ইফতার খাওয়ানো হয় তাই আসি। শুধু আমি না অনেকেই আসে। শুধু শ্রমজীবী মানুষেরাই নয়, সড়ক দিয়ে যাওয়ার সময় অনেক পথচারীও হাজির হন এই ইফতারে। এনসিপি জানিয়েছে পুরো রমজানজুড়ে তাদের এই কর্মসূচি চলবে। এনএস/এমআইএইচএস