প্রতিদ্বন্দ্বীর ঘরেই ‘স্বপ্নের সাইনিং’, বার্সা তারকাদের পছন্দ এমবাপ্পে

দুই চিরপ্রতিদ্বন্দ্বী স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের লড়াই মানেই আলাদা উত্তাপ। ‘এল ক্লাসিকো’ ঘিরে সমর্থকদের আবেগ যেমন তুঙ্গে থাকে, তেমনি মাঠের বাইরেও কথার লড়াই কম হয় না। তবে এবার প্রতিদ্বন্দ্বিতার মাঝেই ভিন্ন সুর শোনালেন বার্সেলোনার দুই তারকা পেদ্রি ও ফেরান তোরেস।স্প্যানিশ টিভি চ্যানেল অ্যান্টেনা ৩–এর জনপ্রিয় অনুষ্ঠান এল হোরমিগেরোতে হাজির হয়ে দুজনই বার্সেলোনা ড্রেসিংরুম ও রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেন। অনুষ্ঠানে প্রশ্ন করা হয়, রিয়াল মাদ্রিদের দলে তাদের কোনো বন্ধু আছে কি না। জবাবে পেদ্রি হেসে বলেন, ‘হ্যাঁ, একজন, দুজন আছে।’ পাশে বসা ফেরান তোরেসের দিকে তাকিয়ে তিনি যোগ করেন, ‘প্রতিদিন কথা হয়, এমন বন্ধু না, তবে সম্পর্ক ভালো।’ এই মন্তব্যে এল ক্লাসিকো ঘিরে চিরাচরিত উত্তেজনার বিপরীতে কিছুটা নরম বার্তাই মিলেছে। মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ব্যক্তিগত সম্পর্কে যে তেমন তিক্ততা নেই, সেটিই বোঝাতে চেয়েছেন তারা। আরও পড়ুন: বর্ণবাদ নিয়ে উত্তেজনার মাঝে ক্লাবের তারকার আপত্তিকর পোস্টের জন্য ক্ষমা চাইল রিয়াল সবচেয়ে আলোচিত প্রশ্নটি আসে এরপর। রিয়াল মাদ্রিদ থেকে একজন খেলোয়াড়কে বার্সেলোনায় আনতে পারলে কাকে বেছে নেবেন? দুজনের উত্তরই এক, কিলিয়ান এমবাপ্পে। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই ফরাসি তারকা চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন। লা লিগায় ২৩ গোল করে তিনি পিচিচি দৌড়ে শীর্ষে, যা তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে সাত গোল বেশি। রিয়াল মাদ্রিদের এ মৌসুমের সাফল্যের বড় অংশই এমবাপ্পের প্রভাবের সঙ্গে জড়িত বলে মনে করছেন বিশ্লেষকেরা। আরও পড়ুন: বিশ্বকাপ জিতুক বা না জিতুক, রোনালদো ইতিহাসের সেরা: পর্তুগালের কোচবার্সেলোনার খেলোয়াড়ের মুখে রিয়াল তারকার প্রশংসা, বিরলই বলা যায়। তবে পেদ্রি ও ফেরানের মন্তব্যে স্পষ্ট, প্রতিদ্বন্দ্বিতা যতই তীব্র হোক, প্রতিভার স্বীকৃতিতে কার্পণ্য নেই। এল ক্লাসিকোতে তারা অবশ্যই প্রতিপক্ষ। কিন্তু সেরাদের কাতারে এমবাপ্পের অবস্থান নিয়ে বার্সেলোনা শিবিরেও যে দ্বিমত নেই, সেটাই এবার প্রকাশ্যে এলো।