ঈদের আগেই প্রাথমিকভাবে ১৪টি উপজেলায় বিনা টাকায় ফ্যামিলি কার্ড দিতে যাচ্ছে সরকার। এজন্য ফ্যামিলি কার্ড পেতে বেআইনি লেনদেন নিয়ে কঠোর বার্তা দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বার্তা দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি। এ কর্মসূচি বাস্তবায়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে এবং সরকারি উদ্যোগে বিনা টাকায় দেয়া হবে। ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য দালাল বা অন্য কোনো মাধ্যমে আর্থিক লেনদেন করা বেআইনি। কেউ যদি এ ধরনের বেআইনি কাজে জড়িত থাকে, তাকে আইন প্রয়োগকারী সংস্থার কাছে ধরিয়ে দেয়ার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। আরও পড়ুন: ফ্যামিলি কার্ড উদ্বোধন ১০ মার্চ, কত টাকা পাবেন সুবিধাভোগীরা? এদিন দুপুরে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন গণামধ্যমকে বলেন, ‘ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে কাজ করেছেন। আজকে সংশ্লিষ্ট মন্ত্রী, উপদেষ্টা এবং উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এটির অনুমোদন হয়েছে। প্রতি মাসে সুবিধাভোগীরা আড়াই হাজার টাকা করে আর্থিক সহযোগিতা পাবেন ফ্যামিলি কার্ডের মাধ্যমে।’ ‘এটা কোনো ধরনের রাজনৈতিক বিশ্বাস, কোনো ধরনের ধর্মীয় বৈষম্য হিসাব করে হবে না। এটি সবার জন্য প্রযোজ্য হবে’, যোগ করেন তিনি।