দেড় বছর বেশি সময় ধরে চলা রাজনৈতিক অস্থিরতার পর ফের ভারত-বাংলাদেশ বাস সার্ভিস চালু করা হয়েছে। পরীক্ষামূলকভাবে শনিবার (২১ ফেব্রুয়ারি) ত্রিপুরার আগরতলার কৃষ্ণনগরের বাস ডিপো থেকে ঢাকার উদ্দেশে একটি বাস রওনা দেয়। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) একইভাবে এই সার্ভিস চালু করা হয়। আপাতত দুই-তিন দিন এই রকমভাবে পরীক্ষামূলক যাত্রা চলবে। পরে পরিস্থিতি স্থিতিশীল হয়ে গেলে সপ্তাহে তিন দিন করে এই বাস চলবে। আগেও কলকাতা-আগরতলার বাস পরিষেবা চালু ছিল। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে সাময়িকভাবে এই সেবা বন্ধ রাখা হয়েছিলো। সম্প্রতি বাংলাদেশে নির্বাচনের পর রাজনৈতিক অস্থিরতা কমেছে। ত্রিপুরার আন্তর্জাতিক বাস অপারেটর সংস্থার ম্যানেজার মনোরঞ্জন দেবনাথ জানিয়েছেন, ভিসা সংক্রান্ত জটিলতাসহ অনিবার্য কিছু কারণে এই বাস সর্ভিস বন্ধ রাখা হয়েছিল। এখন পরিস্থিতির উন্নতি হওয়ায় ফের বাস সেবা চালু করা হয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, বাংলাদেশের নতুন সরকার গঠন হওয়ার পরে অনিশ্চয়তা কেটে গিয়েছে, এটি দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য একটি ভালো লক্ষণ। আশা করি অন্য যে সব সমস্যাগুলো আছে তারও সমাধান হবে। এই বাস সেবা চালু হওয়ার কারণে যাত্রীরাও বেশ খুশি। আগরতলা থেকে এক বাস যাত্রী লক্ষন দাস বলেন, এই পরিষেবার চালু হওয়ায় দুই দেশেই লাভবান হবে। এছাড়াও কম খরচে খুব সহজেই বাংলাদেশে যাওয়া যাবে। আমরা আশা করছি বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে আমাদের একটি সুসম্পর্ক গড়ে উঠবে এবং আগের মতো সব ধরনের সেবা চালু হবে। ডিডি/এমএসএম