বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার থেকে পালিয়ে আসা বাংলাদেশি মার্মা সম্প্রদায়ের ৩ নাগরিককে নগদ টাকাসহ আটক করেছে বিজিবি। তবে আটক ৩ জনই আরাকান আর্মিতে প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছে বলেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ তথ্যটি নিশ্চিত করেছেন কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।আটকরা হলেন- রাঙ্গামাটি জেলার রাজস্থলী থানার তাইতংপাড়ার থুইনুমং মারমার ছেলে উয়ইমং মার্মা (২৫), বান্দরবান জেলার রুমা থানার টপাগইপাড়ার মংক্যাচিং মার্মার ছেলে গরাইমং মার্মা (৩০) ও সোনাইছড়ি নয়াপাড়ার মেউ মার্মার ছেলে হলাচিংথোয়াই মার্মা (২৪)।কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, নাইক্ষ্যংছড়ি সীমান্তের ৪৩ সংলগ্ন পিলার এলাকায় সোমবার রাতে মিয়ানমার থেকে ৩ জন ব্যক্তি পালিয়ে আসার সংবাদ পায়। তাৎক্ষণিক বিজিবির চাকঢালা বিওপির টহল দল এলাকায় গিয়ে মিয়ানমারের ১ লাখ ৬৮ হাজার কিয়াতসহ ৩ জনকে আটক করে।আরও পড়ুন: মিয়ানমারের জঙ্গলে ৫০ দিন জিম্মি থাকার পর টেকনাফে কিশোর উদ্ধার, গ্রেফতার ৪তিনি আরও বলেন, 'প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ৩ জনই বাংলাদেশি উপজাতি মার্মা সম্প্রদায়ের নাগরিক বলে নিশ্চিত করেছেন এবং তারা মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিতে প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। আটক ৩ জনকে অধিকতর তদন্তের জন্য আইন অনুযায়ী থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।'লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম আরও বলেন, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজারস্থ ৩৪ বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদকসহ নানা অবৈধ কার্যক্রম দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এসব অভিযানের মাধ্যমে স্থানীয় জনসাধারণের মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে।