আফঈদা-ঋতুপর্ণাদের চেষ্টায় কোনো কমতি দেখছেন না কোচ

এবারই প্রথমবার এশিয়ার মঞ্চে লড়াই করবে বাংলাদেশ নারী ফুটবল দল। মাঠের লড়াই শুরু হতেও অবশ্য খুব বেশি সময় বাকি নেই। প্রস্তুতিতেও অবশ্য চেষ্টার কোনো কমতি রাখছেন না আফঈদা-ঋতুপর্ণারা। মেয়েদের চেষ্টা দেখে কোচ পিটার বাটলারও বেশ খুশি। তবে নিজেদের আরেকটু ঝালিয়ে নিতে আগামীকাল একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ।চারদিন ধরে সিডনিতে অনুশীলন করছে বাংলাদেশ দল। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ‘এ’ লিগের দল ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাটলারের শিষ্যরা। এ ম্যাচে দলের শক্তির পাশাপাশি বিকল্প খেলোয়াড়ও পরখ করে দেখতে চান বাংলাদেশ দলের হেড কোচ।  ১ মার্চ থেকে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হবে এএফসি উইমেন্স এশিয়া কাপের আসর। ৩ মার্চ শক্তিশালী চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ উত্তর কোরিয়া ও উজবেকিস্তান।  আরও পড়ুন: প্রতিদ্বন্দ্বীর ঘরেই ‘স্বপ্নের সাইনিং’, বার্সা তারকাদের পছন্দ এমবাপ্পে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে চতুর্থ দিনের অনুশীলন সেরেছে বাংলাদেশ। বাফুফের মাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় কোচ পিটার বাটলার বলেন, ‘আমাকে বলতেই হবে অনুশীলনে মেয়েদের মনোভাব চমৎকার ছিল। তবে আমি সত্যিই বিশ্বাস করি যে, এটি তাদের জন্য কাজ শুরু করার একটি দুর্দান্ত সুযোগ। আগামীকালের ম্যাচটিকে একটি অনুশীলন ম্যাচ হিসেবে ব্যবহার করুক, আমি এটাই চাই।’  আফঈদা-ঋতুপর্ণারা যেভাবে অনুশীলন করছে তাতে যে বাটলার বেশ খুশি, তা তার কথাতেই স্পষ্ট। ‘মেয়েরা সত্যিই খুব ভালো কাজ করছে। তাদের প্রচেষ্টায় আমি কোনো খুঁত খুঁজে পাচ্ছি না। ওরা সৎ এবং যে পরিমাণ পরিশ্রম করেছে, তা দুর্দান্ত। অনুশীলনের জন্য এটি একটি চমৎকার পরিবেশ, মাঠগুলো অসাধারণ।’  অভিজ্ঞ ও নতুনের মিশেলে ২৬ জন খেলোয়াড় নিয়ে অস্ট্রেলিয়ায় গেছেন বাটলার। মেয়েদের আক্রমণাত্মক ফুটবলের দীক্ষাই দিয়েছেন তিনি। সেরা একাদশ এখনও চূড়ান্ত করেননি কোচ। প্রীতি ম্যাচে সবাইকে পরখ করে নেওয়ার পর সবকিছু চূড়ান্ত করতে চান পিটার বাটলার।  আরও পড়ুন: ম্যারাডোনার মাদকাসক্তি নিয়ে চাঞ্চল্যকর ঘটনা জানালেন সাবেক ক্লাব সভাপতি ‘আমি বসে দলের বিষয়টি নিয়ে ভাববো। আমি মাত্র কয়েকটি বিকল্প নিয়ে কাজ করেছি। আমরা ৩-৪-৩ নাকি ৩-৫-২ নাকি ৪-৪-২ ফরমেশনে খেলবো, সেটা মাথায় রেখে এগোতে হবে। সবটাই পরিস্থিতির ওপর নির্ভর করছে। আমি জানি আমি কী করতে চাই।’  কোচ পিটার বাটলার আরও বলেন, ‘গুরুত্বপূর্ণ হলো আগামীকাল দুই ৪৫ মিনিটের অর্ধে মেয়েদের পরখ করে দেখার সুযোগ পাবো। আমি কাজের চাপ ভাগ করে দেবো, গেমের লোডও ভাগ করে দেব। খেলোয়াড়দের পজিশন ও প্রাপ্যতার ভিত্তিতে সুযোগগুলো দেখবো। তাই আমাদের অন্যান্য বিকল্পগুলোও খতিয়ে দেখতে হবে এবং পজিশনগুলো নিয়েও কাজ করতে হবে।’