রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন সাবেক অবসরপ্রাপ্ত সচিব সরওয়ার আলম। তাকে সচিব পদমর্যাদায় এক বছরের জন্য চুক্তিতে এই নিয়োগ দেয়া হয়েছে।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ধারা-৪৯ অনুযায়ী সরওয়ার আলমকে এই নিয়োগ দেয়া হয়েছে। শর্ত অনুযায়ী, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের ভিত্তিতে তিনি এই পদে স্থলাভিষিক্ত হবেন। যোগদানের তারিখ থেকে তার এই চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে। এর আগে, ২০২৪ সালের ২৩ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রেস সচিব হিসেবে দুই বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন সরওয়ার আলম। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর তাকে পদ থেকে সরিয়ে দেয়া হয়েছিল। আজ নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি আবারও একই পদে ফিরে এলেন। আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন, গেজেট প্রকাশ বিসিএস ৮৫ ব্যাচের তথ্য ক্যাডারের কর্মকর্তা সরওয়ার আলম তার দীর্ঘ কর্মজীবনে গুরুত্বপূর্ণ অনেক দায়িত্ব পালন করেছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপ-প্রেস সচিব ছিলেন। এ ছাড়া তিনি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সচিব (জনসংযোগ) এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক থাকাকালীন তিনি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান।