দীর্ঘ সময় রোজা রাখার পর ইফতারে কম বেশি সবাই ভারী খাবারে প্রাধান্য দেন। কিন্তু ভারী খাবার খাওয়ার পর রাতের খাবার কখন খাওয়া উচিত সে সম্পর্কে অনেকেরই স্বচ্ছ ধারণা নেই।সাধারণত ভারী খাবার খাওয়ার পর অনেকেই রাতের খাবার খাওয়া বাদ দেন যা উচিত নয়। এ প্রসঙ্গে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল পুষ্টিবিদ মাহফুজা নাসরীন শম্পা বলেন,ইফতারে ভারী খাবার থাকলে তা খাওয়ার ৩ ঘণ্টা পর রাতের খাবার খেতে হবে। এক্ষেত্রে রাতের খাবার অবশ্যই হালকা রাখতে হবে। পুষ্টিবিদ মাহফুজা নাসরীন শম্পা আরও বলেন,ইফতারে ভারী খাবার খেলে তা দ্রুত হজমের জন্য বসে থাকা বা শুয়ে পড়া যাবে না। বরং কিছু সময় হাঁটাহাটি করা ভালো। এতে খাবার হজমে সমস্যা হবে না। এছাড়া ইফতারে খাবার গ্রহণের পর কিছু বিষয় মেনে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এগুলো হলো- ১. ইফতারে যদি হালকা খাবার খাওয়া হয় তাহলে ইফতারের এক ঘণ্টা পর রাতের খাবার খাওয়া যেতে পারে। এ ক্ষেত্রে রাতের খাবারে ভাত বা রুটি, ডাল, মাছ-মাংস ও সবজি রাখতে পারেন। ২. ইফতারে যদি ভারী খাবার থাকে তাহলে রাতের খাবার হালকা রাখতে হবে। কারণ বার বার ভারী খাবার গ্রহণ হজমের সমস্যা তৈরি করে। আরও পড়ুন: হরমোনের ভারসাম্য বজায় রাখার উপায় ৩. ভারী ইফতার করার তিন ঘণ্টা পর রাতের খাবার খাওয়া উচিত। এক্ষেত্রে ইফতারের পরপরই শুয়ে বসে সময় পার করে কিছুক্ষণ হাঁটাহাঁটি করা স্বাস্থ্যের জন্য উপকারী। ৪. খাবার খাওয়ার সময় পেট ভরে না খেয়ে পরিমিত খেতে হবে। খাবারে বেশি প্রাধান্য দিতে হবে পানীয়, রঙিন ফল ও সবজিকে। ৫. রাত ১০টার পর রাতের খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। কেননা এ সময় খাবার হজমের প্রক্রিয়া ধারগতির থাকে। তাই রাত ১০টার মধ্যে রাতের খাবার খেয়ে ফেলার চেষ্টা করতে হবে। আরও পড়ুন: হেঁচকি বন্ধ করার উপায় কী?