বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় জাহিদুল ইসলাম জাহিদ খান নামের এক ভূমি ব্যবসায়ীকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম শুনানি শেষে এ আদেশ দেন। মামলার বিবরণ অনুযায়ী, ‘বিয়ের আশ্বাসে ধর্ষণ’ ও প্রতারণার অভিযোগে গত ৫ ফেব্রুয়ারি ভূমি ব্যবসায়ী জাহিদুল ইসলামের বিরুদ্ধে লালবাগ থানায় মামলা করেন এক নারী সার্জেন্ট। তদন্ত কর্মকর্তা লালবাগ থানার উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক খান গত ১৮ ফেব্রুয়ারি আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন। নির্ধারিত দিনে আসামিকে আদালতে হাজির করা হলে তার আইনজীবী সাকিব আহমেদ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানান। উভয়পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলায় অভিযোগ করা হয়, গত বছরের ৫ নভেম্বর একটি ‘ম্যাট্রিমনি’ অ্যাপের মাধ্যমে বাদী ও বিবাদীর পরিচয় হয়। পরে দুই পরিবারের মধ্যে বিয়ে নিয়ে আলোচনা শুরু হয় এবং তাদের নিয়মিত দেখা-সাক্ষাৎ চলতে থাকে। বাদীর দাবি, ওই ব্যবসায়ী তার লালবাগের বাসায় যাতায়াত করতেন এবং বিভিন্ন সময় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। পাশাপাশি ব্যবসায় বিনিয়োগের কথা বলে ১৫ লাখ ৬৯ হাজার টাকা আত্মসাৎ করেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। এমডিএএ/বিএ