রাতের আঁধারে কৃষকের ২০ শতাংশ জমির পেঁয়াজ গাছ কেটে দিলো দুর্বৃত্তরা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেনাই গ্রামে রাতের আঁধারে এক কৃষকের ২০ শতাংশ জমির পেঁয়াজ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনায় বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক হাসান আলী তপেদার।হাসান আলী তপেদার জানান, নিজের ২৪ শতাংশ জমিতে চলতি মৌসুমে হাইব্রিড জাতের হালি পেঁয়াজ আবাদ করেছিলেন তিনি। এ পেঁয়াজ ক্ষেতেই ছিল তার বাঁচার স্বপ্ন। আশা করেছিলেন, এখান থেকে অন্তত ৮০ মণ পেঁয়াজ পাবেন। সেই পেঁয়াজ বিক্রির টাকায় সংসারের ঘানি টানবেন, দেনা শোধ করবেন। ২৩ ফেব্রুয়ারি সারাদিন রোদে পুড়ে ক্ষেতের পরিচর্যা করেন তিনি ও তার স্ত্রী নুরজাহান বেগম। পেঁয়াজ গাছগুলো তখনও ছিল সবুজ, প্রাণবন্ত। কিন্তু ২৪ ফেব্রুয়ারি সকালে ক্ষেতে এসে থমকে যান তারা; চোখের সামনে দেখতে পান ধ্বংসস্তূপ। কেটে ফেলা হয়েছে তাদের প্রায় ২০ শতাংশ জমির তরতাজা পেঁয়াজ গাছ।হাসান আলী বলেন, আমার সাথে বাইরের কারো কোর শত্রুতা নেই। তবে আমার ভাইয়ের সাথে জমিজমা নিয়ে দ্বন্দ্ব আছে। কে আমার এত বড় সর্বনাশ করলো বুঝে উঠতে পারছিনা। রাতের আঁধারে আমার সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি করলো। আমি থানায় অভিযোগ করেছি। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।হাসান আলীর স্ত্রী নুরজাহান বেগম বলেন, আমি সন্তানের মতো পরিচর্যা করে পেঁয়াজ গাছগুলো বড় করেছি। পেঁয়াজগুলো এখনো অপরিপক্ব। যারা আমার এত বড় সর্বনাশ করেছে আল্লাহ্ যেন তাদের বিচার করে। প্রশাসনের কাছেও আমি বিচার চাই।হাসান আলীর ফসলের এমন সর্বনাশ দেখে শঙ্কিত ও ক্ষুব্ধ এলাকার অন্য কৃষকরাও। তারা বলছেন, এ ঘটনা শুধু একজন কৃষকের ক্ষতি নয়, এটি পুরো এলাকার কৃষকদের জন্য ভয়ংকর বার্তা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা।আরও পড়ুন: পাবনায় চাঁদা না দেয়ায় কৃষকের ৫ লাখ টাকার গাজর লুট, যুবদলের ২ কর্মী গ্রেফতারকৃষক শহিদুল ইসলাম বলেন, হাসান আলীর ক্ষেতের এই দৃশ্য দেখে আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছি। কখন না জানি আমাদের ক্ষেতেও এমন সর্বনাশ করা হয়।আরেক কৃষক নজরুল খাঁ বলেন, এই ঘটনার যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয়। তাহলে কৃষকদের ওপর এমন নির্যাতন চলতেই থাকবে। আমরা আমাদের নবনির্বাচিত এমপি হারুন সাহেব ও প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই।বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব তালুকদার বলেন, পেঁয়াজ ক্ষেত কাটার বিষয়ে লিখিক অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।