সিলেটে পুলিশের একটি ওয়াকিটকি ও চাইনিজ কুড়ালসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে নগরের বাইপাস সড়কে এয়ারপোর্ট থানা পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় তাদের আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, উদ্ধার হওয়া ওয়াকিটকিটি ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুল আলমের। আটকরা হলেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজার ইসলামপুর গ্রামের লিটন মিয়া (৩৫) এবং একই উপজেলার উত্তর কলাবাড়ি গ্রামের শোয়াইবুর রহমানের ছেলে জুনায়েদ আহমদ (২৮)। লিটন মিয়া গণঅধিকার পরিষদ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক এবং জুনায়েদ আহমদ ভোলাগঞ্জ এলাকায় বালু-পাথরের লাইনম্যান হিসেবে পরিচিত বলে জানা গেছে। এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মোবাশ্বির আলী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত আড়াইটার দিকে বাইপাস সড়কের চেকপোস্টে একটি প্রাইভেটকার থামানো হয়। গাড়িতে থাকা দুজন নিজেদের সাংবাদিক পরিচয় দেন। তল্লাশির একপর্যায়ে গাড়িতে একটি পুলিশের ওয়াকিটকি দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে তাদের আটক করে থানায় নেওয়া হয়। পরবর্তী তল্লাশিতে একটি বড় চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। ওসি আরও বলেন, জিজ্ঞাসাবাদে সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়। উদ্ধার হওয়া ওয়াকিটকি যে কোম্পানীগঞ্জ থানা পুলিশের সরকারি সম্পত্তি, তা নিশ্চিত হওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন। ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুল আলম জানান, ওয়াকিটকি ও প্রাইভেটকার দুটিই তার। আটক লিটন মিয়া তার বন্ধু এবং ওই গাড়িতে তিনিও তাদের সঙ্গে ছিলেন। তিনি দাবি করেন, কোম্পানীগঞ্জের পাড়ুয়া এলাকায় সংঘর্ষের প্রস্তুতির খবর পেয়ে তারা সেখানে যান। ঘটনাস্থলে একটি দেশীয় কুড়াল পেয়ে সেটি গাড়িতে তোলেন। পরে গ্যাস নেওয়ার জন্য লিটন ও জুনায়েদ গাড়ি নিয়ে বের হলে ওয়াকিটকি ও কুড়াল গাড়িতেই ছিল। এসময় তাদের আটক করে পুলিশ। আহমেদ জামিল/এসআর/এমএস