বসন্তের ফাল্গুনে প্রকৃতির মেজাজে হঠাৎ পরিবর্তনের সুর লক্ষ করা যাচ্ছে। একদিকে বঙ্গোপসাগরে লঘুচাপের ভ্রুকুটি, অন্যদিকে দেশের তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এই নতুন বার্তা দেয়া হয়েছে।পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। যদিও দেশের বাকি অংশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার কথা বলা হয়েছে, তবে হঠাৎ এই বৃষ্টি ঘরমুখো মানুষ ও খোলা আকাশের নিচে থাকা শ্রমজীবীদের জন্য ভোগান্তির কারণ হতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আরও পড়ুন: রমজান মাসে কেমন থাকবে আবহাওয়াবৃষ্টির সম্ভাবনার পাশাপাশি তাপমাত্রার পরিবর্তনও উদ্বেগ বাড়াচ্ছে। পূর্বাভাসে বলা হয়েছে, আজ রাত ও দিনের তাপমাত্রা সারা দেশে সামান্য বাড়তে পারে। তবে দ্বিতীয় দিন (২৫ ফেব্রুয়ারি) থেকে রাতের তাপমাত্রা আবার সামান্য কমার সম্ভাবনা রয়েছে। ফাল্গুনের এই অসময়ে তাপমাত্রার এমন বারবার পরিবর্তন সাধারণ মানুষের মধ্যে সর্দি-জ্বরসহ ঋতুভিত্তিক রোগের প্রকোপ বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।আজ সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৪৩ শতাংশ এবং বাতাসের গতি ছিল পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার।লঘুচাপটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও এর প্রভাবে আগামী ৫ দিনের বর্ধিত পূর্বাভাসে তাপমাত্রা আরও বাড়ার ইঙ্গিত দেয়া হয়েছে, যা গ্রীষ্মের আগাম বার্তাও হতে পারে।