কিশোরগঞ্জের অষ্টগ্রামে আগুনে দুটি বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় নানার সঙ্গে ঘুমিয়ে থাকা তৌহিদুল ইসলাম (৮) নামে এক শিশু গুরুতর দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের আলিনগর গ্রামে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১২টার দিকে আলিনগর গ্রামের কৃষক আবু তুরাবের বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় তার নাতি তৌহিদুল ইসলাম অগ্নিদগ্ধ হয়। আগুনে দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। আরও পড়ুন: মোবাইলের চার্জার বিস্ফোরণে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত ৪ বসতবাড়ি দগ্ধ তৌহিদুল ইসলাম কাস্তুল ইউনিয়নের বাতশালা গ্রামের আব্দুল মজিদের ছেলে। সে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসেছিল। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আমিনুল ইসলাম জানান, শিশুটির শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গেছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এদিকে, খবর পেয়ে অষ্টগ্রাম উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্তদের দাবি, এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।