নারায়ণগঞ্জের বন্দরে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুলাল মিয়া (৫৬) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কেওডালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুলাল মিয়া ওই এলাকার জসিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিলেন। তিনি পেশায় মাছ ব্যবসায়ী। এলাকাবাসী ও স্বজনরা জানান, সাজিত নামে এক প্রতিবেশী যুবক দুষ্টুমি করে দুলাল মিয়ার ছেলে ওসমান গনির পিঠে থাপ্পড় দেয়। এ সময় ওসমান গনিও তাকে পাল্টা থাপ্পড় দেয়। পরে সাজিত বিষয়টি তার পরিবারকে জানালে তার আত্মীয়-স্বজনরা দুলাল মিয়ার বাড়িতে গিয়ে হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও মারামারি শুরু হয়। আরও পড়ুন: বাগেরহাটে ভাতিজাদের সঙ্গে জমি নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল চাচার স্বজনদের অভিযোগ, একপর্যায়ে সাজিতের আত্মীয়রা ওসমান গনিকে বেধড়ক মারধর করতে থাকে। ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে দুলাল মিয়াকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বন্দর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের স্বজনরা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বন্দর থানার উপ-পরিদর্শক তৌহিদুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।