চুয়াডাঙ্গায় রহস্যজনক অপহরণের চারদিন পর মো. বিপুল (৪৫) নামে এক ব্যক্তিকে হাত-পায়ে শিকল বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে দর্শনা পৌরসভা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বিপুল আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের বটিয়াপাড়া গ্রামের আব্দুল সাত্তার মণ্ডলের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা আনুমানিক ১১টার দিকে তিনি চুয়াডাঙ্গা সদর পোস্ট অফিস এলাকায় ছিলেন। সেখান থেকেই অজ্ঞাত ব্যক্তিরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগ। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের পক্ষ থেকে আলমডাঙ্গা থানায় একটি মিসিং জিডি করা হয়। পরে মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে দর্শনা পৌরসভার হঠাৎপাড়া এলাকার পাকা রাস্তার পাশে হাতপায়ে শিকল দিয়ে বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। স্থানীয়রা বলেন, রাতের অন্ধকারে রাস্তার পাশে একজন মানুষ পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। কাছে গিয়ে দেখা যায়, হাত-পায়ে লোহার শিকল বাঁধা। তখনই আমরা পুলিশে খবর দেই। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দর্শনা থানা পুলিশ তাকে উদ্ধার করে। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, দর্শনা হঠাৎপাড়া এলাকা থেকে হাত-পায়ে শিকল বাঁধা অবস্থায় একজন ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। আলমডাঙ্গা থানায় তার নিখোঁজ সংক্রান্ত একটি জিডি ছিল। বিষয়টি জানার পর তাকে আলমডাঙ্গা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, চারদিন আগে পরিবারের পক্ষ থেকে একটি মিসিং জিডি করা হয়েছিল। আমরা দর্শনা থানার সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হয়েছি। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে। এরপরই প্রকৃত ঘটনা জানা যাবে। হুসাইন মালিক/কেএইচকে/এমএস