চাঁদাবাজি বন্ধে পরিবেশ মন্ত্রী হটলাইন চালু, ৫ দিনে ১৬৭ অভিযোগ

ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে নিজের নির্বাচনি এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও অনিয়ম নির্মূলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর চালু করা হটলাইন ও ওয়েবসাইটে ব্যাপক সাড়া মিলেছে। কার্যক্রম শুরুর মাত্র ৫ দিনেই ১৬৭টি লিখিত অভিযোগ জমা পড়েছে এবং অসংখ্য ফোনকল পেয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রী। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মন্ত্রী এই তথ্য নিশ্চিত করেন। ফেসবুক পোস্টে মন্ত্রী লেখেন, আজ পর্যন্ত ওয়েবসাইটে ১৬৭টি অভিযোগ এবং অসংখ্য ফোনকল পেয়েছি। এতেই প্রমাণ হয়েছে, আপনারা পরিবর্তন চান। প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে সমাধান করতে আমরা বদ্ধপরিকর। একই পোস্টে জরুরি প্রয়োজন ছাড়া হটলাইনে ফোন না করার অনুরোধ জানিয়ে দ্রুত সমাধানের স্বার্থে ওয়েবসাইটে অভিযোগ করার আহ্বান জানান আবদুল আউয়াল মিন্টু। এর আগে ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিনগত রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে চাঁদাবাজি, সন্ত্রাস ও সব ধরনের অনিয়মমুক্ত রাখতে হটলাইন নম্বর ও ওয়েবসাইট খোলার ঘোষণা দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। একই সঙ্গে অভিযোগ জানানোর জন্য ০১৭৩০০-০৪৮৪৪ নম্বরটি প্রকাশ করেন। আবদুল্লাহ আল-মামুন/কেএইচকে/এমএস