বদলে গেল অগ্রণী এসএমই ফাইন্যান্সিং কোম্পানির নাম

অগ্রণী এসএমই ফাইন্যান্সিং কোম্পানি লিমিটেডের নাম পরিবর্তন করে ‘অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি’ করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ২৩ ফেব্রুয়ারি থেকে দেশের আর্থিক প্রতিষ্ঠানের তালিকায় অগ্রণী এসএমই ফাইন্যান্সিং কোম্পানি লিমিটেডের নাম পরিবর্তন করে ‘অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি’ করা হয়েছে। এ বিষয়ে গত ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মজিবুর রমহান শেখের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৯ নং আইন)-এর ৬৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ২০২৬ সালের ২৩ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে কার্যরত অগ্রণী এসএমই ফাইন্যান্সিং কোম্পানি লিমিটেডের নাম পরিবর্তন করে 'অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি' করা হয়েছে। আরও পড়ুন: ফের বদলালো স্ট্যান্ডার্ড ব্যাংকের নাম এ সংক্রান্ত নির্দেশনা বাংলাদেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠান ও তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। অনেকের মনে প্রশ্ন জেগেছ, হঠাৎ করে আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংকগুলো কেন নিজেদের নামের শেষে পিএলসি যোগ করছে। এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, ব্যাংক কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠান আইন অনুযায়ী, এখন থেকে বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নামের শেষে ‘পাবলিক সীমিতদায় কোম্পানি’ বা ‘পিএলসি’ লিখতে হবে। এ আদেশের অংশ হিসেবেই ধাপে ধাপে প্রতিটি বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নিজেদের নামের সঙ্গে পিএলসি যোগ করছে।