নিজের নির্বাচনী এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও অনিয়ম নির্মূলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর চালু করা হটলাইন ও ওয়েবসাইটে ব্যাপক সাড়া পড়েছে।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে মন্ত্রী এ তথ্য নিশ্চিত করেন। মন্ত্রী জানান, কার্যক্রম শুরুর মাত্র ৫ দিনেই ১৬৭টি লিখিত অভিযোগ জমা পড়েছে এবং অসংখ্য ফোনকল এসেছে। ফেসবুক পোস্টে মন্ত্রী লিখেছেন, এ পর্যন্ত ওয়েবসাইটে ১৬৭টি অভিযোগ এবং অসংখ্য ফোনকল পেয়েছি। এতেই প্রমাণ হয়েছে, আপনারা পরিবর্তন চান। প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে সমাধান করতে আমরা বদ্ধপরিকর। একই পোস্টে জরুরি প্রয়োজন ছাড়া হটলাইনে ফোন না করার অনুরোধ জানিয়ে দ্রুত সমাধানের স্বার্থে ওয়েবসাইটে অভিযোগ করার আহ্বান জানান। ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিনগত রাতে নিজের ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে চাঁদাবাজি, সন্ত্রাস ও সব ধরনের অনিয়মমুক্ত রাখতে হটলাইন নম্বর ও ওয়েবসাইট খোলার ঘোষণা দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। একই সঙ্গে অভিযোগ জানানোর জন্য ০১৭৩০০-০৪৮৪৪ নম্বরটি প্রকাশ করেন। তিনি ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের এমপি এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী।