বগুড়ায় ভ্যান ছিনতাইয়ের পর চালককে কুপিয়ে হত্যা

বগুড়ার দুপচাঁচিয়াতে মোজাম উদ্দিন শাহ (৫৫) নামে এক অটোভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জিয়ানগরের বড়িয়া গ্রামের একটি ধানক্ষেত থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।নিহত মোজাম উদ্দিন শাহ দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের ঝালঘড়িয়া গ্রামের মৃত মহির উদ্দিন শাহর ছেলে।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে মোজাম উদ্দিন নিজ বাড়ি থেকে অটোভ্যান নিয়ে বের হন। রাতে তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বুধবার সকালে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের পাশে বড়িয়া মৌজার খড়ার ব্রিজের পশ্চিম পাশে একটি ধানক্ষেতের পানিতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যেই দুর্বৃত্তরা মোজাম উদ্দিনকে হত্যা করেছে। ঘটনার পর থেকে তার অটোভ্যানটির কোনো হদিস পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।আরও পড়ুন: সাভারে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ ৪ ছিনতাইকারী আটকবগুড়া দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু হয়েছে। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।