জয়নুল আবদিন ফারুকের স্ত্রী কানিজ ফাতেমা মারা গেছেন

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের সহধর্মিণী কানিজ ফাতেমা (৭৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জয়নুল আবদিন ফারুক নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৭ ফেব্রুয়ারি অসুস্থ হয়ে কানিজ ফাতেমাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তিনি ইন্তেকাল করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বাদ জোহর রাজধানীর নিকুঞ্জ-১, লেক রোডের ৪৩ নম্বর বাসার সামনে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নোয়াখালীর সেনবাগের ইয়ারপুরস্থ নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। কানিজ ফাতেমার মৃত্যুতে দলীয় নেতাকর্মী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন। কেএইচ/ইএ