কিশোরগঞ্জের হোসেনপুরে টিনের চালে ঢিল ছুড়ার প্রতিবাদ করায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে শুভ মিয়া (২২) নামে এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার দক্ষিণ গোবিন্দপুর এলাকার বলিয়াচর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত শুভ মিয়া একই এলাকার সৌদি প্রবাসী মো. সাদেকুল ইসলামের একমাত্র ছেলে।নিহতের মামাতো ভাই এনামুল হক জানান, শুভ মিয়ার সৌদি আরবে যাওয়ার সব প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছিল। পরিবারের ইচ্ছা অনুযায়ী আসন্ন ঈদ পরিবারের সঙ্গে উদযাপন করে তিনি বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু তার সেই স্বপ্ন আর পূরণ হলো না।নিহতের চাচি হেনা আক্তার জানান, একই এলাকার নাঈম মিয়া (২১), রিয়াদ (২২), সফিকুল (২২), হিমেল (২০), আরমানসহ (২১) আরও ৮-১০ জন বখাটে যুবক প্রায়ই তারাবির নামাজের সময় বিভিন্ন বাড়ির টিনের চালে ইট ছুড়ে আতঙ্ক সৃষ্টি করত। ঘটনার দিন রাতেও তারা বিভিন্ন বাড়ির পাশাপাশি শুভ মিয়ার বাড়িতেও ইট নিক্ষেপ করে।আরও পড়ুন: সাতক্ষীরায় খামারের দুর্গন্ধ নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক খুনএ সময় শুভ মিয়া ও তার ফুফাতো ভাই এনামুল প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে স্থানীয় বোয়ালিয়ার চর জামে মসজিদের সামনে সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের লোকজন শুভ মিয়াকে গলায় ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। হাসপাতালে নেয়ার পথে রাত ১২টার দিকে শুভ মিয়া মারা যান।আরও পড়ুন: যাত্রাবাড়ীতে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত, ককটেল-বোমা ফেলে পালালো দুর্বৃত্তরামরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে শোকের মাতম চলছে।হোসেনপুর থানার পরিদর্শক (তদন্ত) লিমন বোস জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।