মাদরাসার ইবতেদায়ি পঞ্চম ও দাখিল অষ্টম শ্রেণির বৃত্তির ফল প্রকাশ করা হয়েছে। দুই শ্রেণিতে মোট বৃত্তি পেয়েছে ২২ হাজার ৩৬০ জন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় এ ফল প্রকাশ করা হয়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফল প্রকাশের ঘোষণা দেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত ফল প্রকাশ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন। ফল বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন ইবতেদায়ি পঞ্চম ও দাখিল অষ্টম শ্রেণিতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নেয় ৪৩ হাজার ৭০৯ জন। তাদের মধ্যে বৃত্তি পেয়েছে ২২ হাজার ৩৬০ জন। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে পঞ্চম শ্রেণিতে ১১ হাজার ১৮০ জন এবং অষ্টম শ্রেণিতে ১১ হাজার ১৮০ জন। আরও পড়ুনজুনিয়র বৃত্তির ফল প্রকাশ, নির্বাচিত ৪৬২০০ জন তাদের মধ্যে ট্যালেন্টপুলে ৬ হাজার ৭০৮ এবং সাধারণ ক্যাটাগরিতে ১৫ হাজার ৬৫২ জন বৃত্তি পেয়েছে। মাদরাসার পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে ৩ হাজার ৩৫৪ জন এবং সাধারণ ক্যাটাগরিতে ৭ হাজার ৮২৬ জন বৃত্তি পেয়েছে। অষ্টম শ্রেণিতে একইসংখ্যক শিক্ষার্থী অর্থাৎ, ট্যালেন্টপুলে ৩ হাজার ৩৫৪ জন এবং সাধারণ ক্যাটাগরিতে ৭ হাজার ৮২৬ জন বৃত্তি পেয়েছে। এদিকে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন অষ্টম শ্রেণিতে জেএস ও জেডিতে (ভোকেশনাল) বৃত্তি পেয়েছে মোট ২০৮ জন। তাদের মধ্যে ট্যালেন্টপুলে ৮৯ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ১১৯ জন। এএএইচ/ইএ