‘টেস্ট ক্রিকেটার’ তকমায় মুমিনুল-সাদমানদের ক্ষতির দিকটা দেখালেন তালহা

নির্দিষ্ট কোনো ফরম্যাটে ভালো খেললে কোনো ক্রিকেটারকে সেই ফরম্যাটের ক্রিকেটার হিসেবে তকমা না দিতে অনুরোধ করেছেন বিসিবির কোচ তালহা জুবায়ের। ‘টেস্টের ক্রিকেটার’ তকমা পাওয়া সাদমান ইসলাম এবং মুমিনুল হকের পরিস্থিতি বিবেচনায় এমন মন্তব্য করেছেন বিসিএল ওয়ানডে টুর্নামেন্টের ইস্ট জোনের এই কোচ।গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিসিএলে ইস্ট জোনের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমে ৮২ বলে ৮৩ রানের হার না মানা ইনিংস খেলেন মুমিনুল হক। তবে সতীর্থদের ব্যর্থতায় দলকে জেতাতে পারেননি। হারের পর দলকে জেতাতে না পারার পাশাপাশি আরও একটি বিষয় নিয়ে আক্ষেপ ঝেড়েছেন মুমিনুল। আর সেটা হলো- ‘টেস্ট ক্রিকেটারের তকমা পাওয়া’। মুমিনুল জানান, প্রতিটি ক্রিকেটারেরই স্বপ্ন থাকে টেস্ট ক্রিকেটার হওয়া। কিন্তু সেই টেস্ট ক্রিকেটে ভালো খেলার দরুণ তিনি আর সাদমান ইসলাম বেশ বিপাকে পড়েছেন। ওয়ানডে ফরম্যাট তো বটেই, বিপিএলের মতো ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টেও জায়গা পান না তারা। এমন পরিস্থিতি দেখলে ভবিষ্যতে আর কেউ টেস্ট ক্রিকেটার হতে চাইবে না বলেও আক্ষেপ প্রকাশ করেন তিনি। আরও পড়ুন: আগস্টে অস্ট্রেলিয়ার মাটিতে দুইটি টেস্ট খেলবে বাংলাদেশ মুমিনুলের এমন আক্ষেপ অনেকদিনের। বিভিন্ন সময় সাক্ষাৎকারেও এমন কথা জানিয়েছেন তিনি। আর সাদমান ইসলাম তো সর্বশেষ বিপিএলে সামাজিক যোগাযোগমাধ্যমেই আক্ষেপ ও ক্ষোভ প্রকাশ করেছেন। এবার তাদের প্রতি সহমর্মিতা জানালেন কোচ তালহা। তিনি বলেন, ‘আমাদের দেশে সবথেকে বড় সমস্যা আমরা তকমা দিয়ে দেই। অল্প সময়েই তকমা দিয়ে দেই, আবার অনেকের জন্য ওই তকমাটা লম্বা সময়ের জন্য হয়ে যায়। এগুলো ঠিক না। যে কেউ কোনো ফরম্যাটে ভালো খেলতে পারে। যার সক্ষমতা আছে সে সব ফরম্যাটে ভালো খেলতে পারে। এরকম তকমা দেওয়া উচিত না। আমি লাল বলের খেলোয়াড়, সাদা বলে ভালো খেলেছি, তাই সাদা বলের জন্য বিবেচিত হওয়া উচিত।’ আরও পড়ুন: বাংলাদেশের সাবেক কোচকে নিয়োগ দিলো আফগানিস্তান ‘টেস্ট ওপেনার' খ্যাত সাদমান ইসলাম বিসিএলের চলমান ওয়ানডে টুর্নামেন্টে নেই। অথচ আসছে মে মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে নামবেন তিনি। এমন গুরুত্বপূর্ণ সিরিজের আগে ম্যাচ খেলার অভিজ্ঞতা না পাওয়া সাদমান এখন কিভাবে প্রস্তুতি নেবেন, এমন প্রশ্ন তুলে তকমার ক্ষতিকর দিক দেখিয়ে দেন তালহা। তিনি বলেন, ‘সাদমান খুবই হতাশ ছিল, যখন জানতে পেরেছে ও এই টুর্নামেন্টে নেই। ও কিন্তু ওয়ানডে ক্রিকেটেও ভালো খেলছে, ভালো শট খেলছে। সর্বশেষ প্রিমিয়ার লিগেও ভালো খেলেছে। সাদমানের মতো খেলোয়াড়কে আপনি যদি উৎসাহিত না করেন, তাহলে পাকিস্তান সিরিজের আগে সাদমান আসলে খেলবে কোথায়, ওর ম্যাচ অনুশীলন কই হবে?’