ভোটার দিবস: তরুণদের উদ্বুদ্ধ করতে নতুন স্লোগান

তরুণ ভোটারদের উদ্বুদ্ধ করতে এবার ভোটার দিবস উপলক্ষে নতুন স্লোগান নির্ধারণ করা হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে ‘ভোটারদের শক্তি, গণতন্ত্রের মুক্তি’ এ নতুন স্লোগানটি সামগ্রিকভাবে প্রচারের আহ্বান জানানো হয়েছে।আগামী ২ মার্চ ৮ম জাতীয় ভোটার দিবস উদযাপন হবে। এ অবস্থায় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের নির্বাচন সহায়তা-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে জানানো হয়, নির্ধারিত নতুন প্রতিপাদ্যটি ভোটার দিবস উদযাপনের সকল প্রকাশনা, প্রচারণামূলক সামগ্রী এবং দিবস সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমে ব্যবহারের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক, আইডিয়া প্রকল্পের পরিচালকসহ মাঠ পর্যায়ের সকল আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার দিবস উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে নতুন এই স্লোগানটি ব্যাপকভাবে প্রচার করা হবে। বিশেষ করে তরুণ ভোটারদের উদ্বুদ্ধ করতে ওয়েবসাইট, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মাঠ পর্যায়ের কার্যালয়গুলোতে ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে এটি তুলে ধরা হবে। আরও পড়ুন: ১৫ মার্চের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি, না দিলে শাস্তি উল্লেখ্য, প্রতি বছর ২ মার্চ বাংলাদেশে জাতীয় ভোটার দিবস পালিত হয়। ভোটার তালিকা হালনাগাদ ও সাধারণ নাগরিকদের ভোটাধিকার সম্পর্কে সচেতন করতেই মূলত এই দিবসটি পালনের উদ্যোগ নেয়া হয়।