ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা, কোন এলাকায় কত?

রাজধানী ঢাকার ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিনভর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রায় দেড় হাজার মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযানের বিস্তারিত জানানো হয়।বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার দিনভর অভিযানে মোট ১ হাজার ৪৬০টি মামলা করা হয়েছে। আইন অমান্য করায় এবং প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে ২৭৫টি গাড়ি ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে এবং ১৮০টি গাড়ি রেকার করা হয়েছে।বিভাগভিত্তিক মামলার চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, ডিএমপির আটটি ট্রাফিক বিভাগের মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে মিরপুর এলাকায়, যার সংখ্যা ৩৮২টি। এরপর উত্তরা বিভাগে ২৮৯টি এবং ওয়ারী বিভাগে ২৩৫টি মামলা দায়ের করা হয়েছে। গুলশান বিভাগে মামলার সংখ্যা ১৫১টি এবং তেজগাঁও বিভাগে ১৪২টি মামলার মধ্যে ছিল ১০টি বাস, ২টি ট্রাক ও ৬৯টি মোটরসাইকেল। আরও পড়ুন: এক মামলায় জামিন পেলেন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদীএ ছাড়া রমনা বিভাগে ৯২টি মামলার মধ্যে ৭টি বাস ও ৩২টি মোটরসাইকেল অন্তর্ভুক্ত ছিল। তালিকার শেষের দিকে লালবাগ বিভাগে ৯০টি এবং মতিঝিল বিভাগে ৭৯টি মামলা রেকর্ড করা হয়েছে।ডিএমপি জানায়, ঢাকা মহানগরীতে যানজট নিরসন এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক পুলিশের এই বিশেষ অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় আগামী দিনগুলোতেও এই কঠোর অবস্থান বজায় থাকবে বলে জানিয়েছে পুলিশ।সড়ক পরিবহন আইন অমান্যকারী এবং ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেয়া হবে না বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।