রাতে শিক্ষার্থীদের ঘোরাঘুরি বিতর্কে যা বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের রাতের বেলা বাইরে ঘোরাঘুরি বন্ধ করে পড়ার টেবিলে ফেরার বিষয়ে নিজের দেয়া সাম্প্রতিক বক্তব্য নিয়ে কথা বলেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।তিনি স্পষ্ট করেছেন, এটি কোনো জাতীয় পর্যায়ের প্রশাসনিক নির্দেশ নয়, বরং তার নিজ নির্বাচনী এলাকা কচুয়ার জন্য করা একটি ব্যক্তিগত ও রাজনৈতিক অঙ্গীকার। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই ব্যাখ্যা দেন।শিক্ষামন্ত্রী বলেন, ‘আমার নির্বাচনী এলাকা কচুয়ায় প্রচারণার সময় আমি বারবার বলেছিলাম–যদি নির্বাচিত হই, তবে ১২ তারিখ রাত ১২টা ১ মিনিট থেকেই সেখানে মাদক, ইভটিজিং ও সন্ত্রাস বন্ধ হতে হবে। গভীর রাত পর্যন্ত রাস্তাঘাটে অহেতুক ঘোরাফেরা করা যাবে না। এটি আমার নির্বাচনী এলাকার মানুষের কাছে দেয়া ব্যক্তিগত কমিটমেন্ট।’তিনি আরও জানান, এলাকার জনপ্রতিনিধি হিসেবে তিনি স্থানীয় প্রশাসনকে বলেছেন যেন অভিভাবকহীনভাবে রাতে কেউ ঘোরাফেরা করলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং প্রয়োজনে অভিভাবকদের বিষয়টি জানানো হয়। তবে এটি সাংবিধানিক বা আইনি কোনো কড়াকড়ি নয়, বরং সামাজিক শৃঙ্খলার অংশ।সারা দেশে শিক্ষার্থীদের জন্য এমন কোনো নিয়ম করা হয়েছে কি না–জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষামন্ত্রী হিসেবে এমন কোনো জাতীয় ঘোষণা আমি দিইনি। এটি একজন সংসদ সদস্য হিসেবে আমার এলাকার জন্য প্রতিশ্রুতি। তবে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরতে হবে, এটা আমরা বরাবরই বলে আসছি।’নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণা করে এহছানুল হক মিলন বলেন, ‘আমরা যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তখন সন্ধ্যার পর পড়ার টেবিলে বসতাম। আমরা যেভাবে শিখে বড় হয়েছি, সেভাবেই কথা বলছি। আমি বিষয়টিকে অন্যভাবে বা নেতিবাচকভাবে দেখিনি।’সচিবালয়ে সংবাদ সম্মেলন চলাকালে মন্ত্রী শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষার্থীদের পাঠাভ্যাস বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং অহেতুক বিতর্ক এড়িয়ে গঠনমূলক কাজে মনোযোগী হওয়ার আহ্বান জানান।