রমজানের একদিনে ওমরাহ পালনে নতুন রেকর্ড

চলতি রমজানের চতুর্থ দিনে একদিনে সর্বোচ্চ ৯ লাখ ৪ হাজার মুসল্লি ওমরাহ পালন করেছেন। গত ২১ ফেব্রুয়ারি (হিজরি ১৪৪৭ সনের ৪ রমজান) নতুন এই রেকর্ড হয়েছে।সৌদি আরবের হারামাইন কর্তৃপক্ষ জানায়, এর আগে গত বছর ৭ মার্চ এক দিনে সর্বোচ্চ ৫ লাখ মানুষ ওমরাহ পালন করেছিলেন। এবার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি হয়েছে। এদিকে রমজান মাসে মসজিদুল হারামে মুসল্লির সংখ্যা বেড়ে যাওয়ায় নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। কাবা শরিফের চারপাশের খোলা সাদা মার্বেল চত্বর, অর্থাৎ মাতাফ এলাকা, সারাদিন শুধু উমরাহ পালনকারীদের জন্য নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে শুক্রবার, মাগরিব, এশা, তারাবি ও রমজানের শেষ দশদিন তাহাজ্জুদ নামাজের সময় ভিড় বেশি হওয়ায় মুসল্লিদের নির্ধারিত আঙিনা ও নির্দিষ্ট স্থানে নামাজ আদায়ের নির্দেশ দেয়া হয়েছে। মসজিদের ভেতরে চলাচলের সময় নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে এবং পথঘাট বা করিডোরে ভিড় জমাতে নিষেধ করা হয়েছে। আরও পড়ুন: এবার হজযাত্রীদের ৩ কোটি টাকা ফেরত দিতে পারবো: ধর্ম উপদেষ্টা গ্র্যান্ড মসজিদ বা মসজিদুল হারাম ঘিরে যানজট কমাতে কেন্দ্রীয় এলাকায় পথচারীদের জন্য আলাদা পথ চালু করা হয়েছে। নামাজের সময় নির্দিষ্ট এলাকায় যানবাহন চলাচল বন্ধ রাখা হচ্ছে। অনুমতি ছাড়া মোটরসাইকেল ও সাইকেল প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। যেখানে গাড়ি রাখলে পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি হয়, সেসব গাড়ি সরিয়ে নেওয়া হচ্ছে। মুসল্লিদের যাতায়াত সহজ করতে কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং নির্ধারিত ১৪টি পার্কিং এলাকা থেকে গণপরিবহন বাসের ব্যবস্থা রাখা হয়েছে। অতিরিক্ত ভিড়ের সময় যারা মসজিদুল হারাম বা এর আশপাশে প্রবেশ করতে পারেন না, তাদের কাছাকাছি মসজিদ ও প্রস্তুতকৃত নামাজের স্থানে যাওয়ার নির্দেশ দেয়া হচ্ছে। তথ্যসূত্র: খালিজ টাইমস।