কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা আদালত থেকে জামিনে পেলে পুনরায় তাদের অন্য মামলায় গ্রেফতার দেখানোর (শোন অ্যারেস্ট) নির্দেশ দিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ডিআইজি মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত এক চিঠিতে বিভাগের আট জেলার পুলিশ সুপারদের (ডিএসবি) প্রতি এই বিশেষ গোপনীয় নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনাটিতে বলা হয়েছে, কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ থাকা ফ্যাসিস্ট সংগঠনগুলোর নেতাকর্মীরা আদালত থেকে জামিন পাওয়ার পর পুনরায় গ্রেফতার বা ‘শোন-অ্যারেস্ট’ দেখাতে হবে। বলা হয়, আওয়ামী লীগসহ সংশ্লিষ্ট সংগঠনগুলোর যেসব প্রভাবশালী নেতা বা কর্মী জামিনে মুক্ত হওয়ার পর পুনরায় দলকে শক্তিশালী করার সক্ষমতা রাখেন কিংবা মাঠ পর্যায়ে রাজনৈতিক তৎপরতা শুরু করতে পারেন, তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। এ ধরনের সক্রিয় ও সাংগঠনিকভাবে দক্ষ ব্যক্তিরা জামিন পাওয়ার সাথে সাথেই তাদের বিরুদ্ধে থাকা অন্য কোনো পুরোনো বা নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে রাখার ব্যবস্থা করতে হবে।তবে যেসব কর্মীর মধ্যে এ ধরনের সাংগঠনিক প্রভাব বা তৎপরতা চালানোর সক্ষমতা নেই, তাদের ক্ষেত্রে আপাতত পুনরায় গ্রেফতার দেখানোর প্রয়োজন নেই বলে চিঠিতে উল্লেখ করা হয়।আরও পড়ুন: রাজশাহীতে ছুরিকাঘাতে যুবক খুনচিঠিতে আরও জানানো হয় যে, ইতিপূর্বেও এ সংক্রান্ত বিষয়ে পুলিশের অভ্যন্তরীণ যোগাযোগের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করা হয়েছিল। বিষয়টিকে অত্যন্ত সংবেদনশীল এবং জরুরি উল্লেখ করে রাজশাহী রেঞ্জের প্রতিটি জেলায় এটি কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ভিআইপি প্রটোকল এবং প্রটেকশন বা নিরাপত্তা দেয়ার ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি কঠোরভাবে অনুসরণ করার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ডিআইজি।রাজশাহী রেঞ্জের আওতাধীন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলার পুলিশ সুপারদের কাছে এই নির্দেশনাটি পাঠানো হয়েছে। এই চিঠিটি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে নতুন করে গ্রেফতার ও আইনি প্রক্রিয়া নিয়ে নানা আলোচনার সৃষ্টি হয়েছে।