গাজা গণহত্যায় জড়িত কোম্পানিতে কেমব্রিজের বিপুল গোপন বিনিয়োগ

ফিলিস্তিনে গণহত্যায় ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ার থাকা তহবিলে বিশাল বিনিয়োগ করেছে যুক্তরাজ্যের প্রসিদ্ধ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। বিশ্বের তৃতীয় প্রাচীন এই বিশ্ববিদ্যালয়টি এনডাউমেন্ট ফান্ড থেকে প্রায় ১৮৯ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা রক্ষার উদ্দেশ্যে এই এনডাউমেন্ট ফান্ড গঠন করা হয়েছিল। এ ফান্ড পরিচালনা করে ইউনিভার্সিটি অব কেমব্রিজ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড। প্রতিষ্ঠানটি অতীতে আইনগত গোপনীয়তার কারণ দেখিয়ে তাদের বিনিয়োগ পোর্টফোলিওতে থাকা কোম্পানিগুলোর নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়েছিল। তবে চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) জমা দেওয়া নথিপত্র বিশ্লেষণ করে জানা গেছে, ২০২৫ সালের শেষ দিকে ‘ আই-শেয়ার ইএসজি সিলেক্ট স্ক্রিন্ড এস এন্ড পি-৫০০’ তহবিলে ১৮৯ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে। এই টেকসই বিনিয়োগ তহবিলের মাধ্যমে কেমব্রিজ পরোক্ষভাবে যে কোম্পানিগুলোর শেয়ার ধারণ করছে, তার মধ্যে রয়েছে- প্যালান্টির টেকনোলজি (শেয়ার মূল্য ৮ লাখ পাউন্ড)। আরও আছে প্রায় ৯ লাখ পাউন্ড মূল্যের জিই অ্যারোস্পেস এবং প্রায় ১০ লাখ পাউন্ডের ক্যাটারপিলার। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান প্যালান্টির ২০২৪ সালের জানুয়ারিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করে। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের বিতর্কিত অভিবাসন সংস্থা আইসিই (আইসিই)-এরও বড় অংশীদার। ২০২৫ সালের জুলাই মাসে ইসরায়েলের অবৈধ শক্তি প্রয়োগের সঙ্গে প্যালান্টির সংযুক্ত বলে অভিযোগ করেছিলেন। অন্যদিকে, জিই অ্যারোস্পেস-এর ইঞ্জিন ইসরায়েলি সামরিক বিমানে ব্যবহৃত হচ্ছে বলে দাবি করেছে ক্যাম্পেইন অ্যাগেইনস্ট আর্মস ট্রেড। এসব ইঞ্জিন গাজা গণহত্যায় ব্যবহৃত হয়েছে। ক্যাটারপিলারের বুলডোজার ফিলিস্তিনি মুসলিমদের সম্পত্তি ধ্বংসে ব্যবহৃত হচ্ছে। এই অভিযোগে ২০২৫ সালে ক্যাটারপিলারে ১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলার মূল্যের বিনিয়োগ প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলো নরওয়ে। গত মাসে কেমব্রিজের ২৯ জন অধ্যাপক বিশ্ববিদ্যালয়ের ৪ দশমিক ২ বিলিয়ন পাউন্ডের বিনিয়োগ নিয়ে গোপনীয়তার অভিযোগ তোলেন। তারা দাবি করেন, অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কের বিষয়ে বিশ্ববিদ্যালয় যথেষ্ট স্বচ্ছ নয়। এদিকে বিশ্ববিদ্যালয় কাউন্সিল অস্ত্র প্রস্তুতকারী এসব প্রতিষ্ঠান থেকে বিনিয়োগ প্রত্যাহারের বিষয়ে ভোটগ্রহণ স্থগিত রেখেছে। সূত্র: মিডল ইস্ট আই কেএম