স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে প্রধান করে ১০ সদস্যের আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার।রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার (২৫ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। এতে সই করেন অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির। কমিটির সদস্যরা হলেন— মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী। সহায়তাকারী কর্মকর্তাদের মধ্যে রয়েছেন— মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব/সচিব (প্রধানমন্ত্রীর কার্যালয়), সচিব (স্বরাষ্ট্র মন্ত্রণালয়), সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব, প্রিন্সিপাল স্টাফ অফিসার (সশস্ত্র বাহিনী বিভাগ), চিফ অব জেনারেল স্টাফ (সেনাসদর), পুলিশ মহাপরিদর্শক (বাংলাদেশ পুলিশ), মহাপরিচালক (বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি), মহাপরিচালক (আনসার ও ভিডিপি), মহাপরিচালক (প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতর—ডিজিএফআই), মহাপরিচালক (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা—এনএসআই), মহাপরিচালক (বাংলাদেশ কোস্ট গার্ড), মহাপরিচালক (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর) এবং মহাপরিচালক (র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব)। গেজেটে বলা হয়েছে, কমিটি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করবে এবং পরিস্থিতির অবনতি হলে তার কারণ চিহ্নিত করে তা দূরীকরণে সুপারিশ দেবে। পাশাপাশি হরতাল, অবরোধ, ধর্মঘট ও জনজীবন ব্যাহতকারী অন্যান্য ঘটনা প্রতিরোধ এবং সৃষ্ট দুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার করণীয় বিষয়ে পরামর্শ দেবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে বলেও জানানো হয়েছে।