আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন, সালাহউদ্দিন আহমদ প্রধান

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে প্রধান করে ১০ সদস্যের আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার।রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার (২৫ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। এতে সই করেন অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির। কমিটির সদস্যরা হলেন— মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী। সহায়তাকারী কর্মকর্তাদের মধ্যে রয়েছেন— মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব/সচিব (প্রধানমন্ত্রীর কার্যালয়), সচিব (স্বরাষ্ট্র মন্ত্রণালয়), সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব, প্রিন্সিপাল স্টাফ অফিসার (সশস্ত্র বাহিনী বিভাগ), চিফ অব জেনারেল স্টাফ (সেনাসদর), পুলিশ মহাপরিদর্শক (বাংলাদেশ পুলিশ), মহাপরিচালক (বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি), মহাপরিচালক (আনসার ও ভিডিপি), মহাপরিচালক (প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতর—ডিজিএফআই), মহাপরিচালক (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা—এনএসআই), মহাপরিচালক (বাংলাদেশ কোস্ট গার্ড), মহাপরিচালক (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর) এবং মহাপরিচালক (র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব)। গেজেটে বলা হয়েছে, কমিটি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করবে এবং পরিস্থিতির অবনতি হলে তার কারণ চিহ্নিত করে তা দূরীকরণে সুপারিশ দেবে। পাশাপাশি হরতাল, অবরোধ, ধর্মঘট ও জনজীবন ব্যাহতকারী অন্যান্য ঘটনা প্রতিরোধ এবং সৃষ্ট দুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার করণীয় বিষয়ে পরামর্শ দেবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে বলেও জানানো হয়েছে।